সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ২৯, ২০২১
সুরমা মেইল ডেস্ক : মগবাজারের ওয়ারলেস গেটের বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
মঙ্গলবার (২৯ জুন) বেলা ৩টা ১৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, ভবনের ধ্বংসস্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে মরদেহটি ভবনের কেয়ারটেকার হারুন অর রশিদের (৭০)। গত তিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
।আরও পড়ুন
এর আগে বিস্ফোরণে সাত জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় ‘সংশ্লিষ্টদের অবহেলা’কে দায়ী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মগবাজারে গ্যাস জমে থাকার কথা উল্লেখ থাকলেও এর সঙ্গে সংশ্লিষ্ট তিতাস বা রাজউকের নাম উল্লেখ করা হয়নি।
মঙ্গলবার ভোরে ডিএমপির রমনা থানায় মামলাটি দায়ের হয়। মামলার বাদী রমনা থানার একজন পুলিশ কর্মকর্তা। মামলায় আসামির নাম ‘অজ্ঞাত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফৌজদারি দণ্ডবিধির ৩০৪(ক) ধারায় মামলা হয়েছে। পুলিশ বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখছে।
দণ্ডবিধি ৩০৪ (ক) বলতে কোনো ব্যক্তির বেপরোয়া বা অবহেলার জন্য অন্যের প্রাণহানীকে বোঝায়। কারো বিরুদ্ধে এই ধারার অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৫ বছরের জেল, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে।
Design and developed by ওয়েব হোম বিডি