সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১
সুরমা মেইল ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৫২ জনের পরিচয় জানতে কমপক্ষে এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের ডিএনএ পরীক্ষক মোহাম্মদ মাসুদ রাব্বী সবুজ।
শনিবার (১০ জুলাই) সকাল ১১টায় তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। নিহতদের শরীর আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হচ্ছে।
।আরও পড়ুন
তিনি বলেন, এ পর্যন্ত ২৬টি মরদেহের বিপরীতে ৩৫ জন দাবিদারের নমুনা সংগ্রহ করেছি। এখনও সব দাবিদার আসেননি। তারা এলে পর্যায়ক্রমে তাদের নমুনা নেয়া হবে। একইসঙ্গে যাদের নমুনা নেয়া হয়েছে সেগুলো ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সব মিলিয়ে আশা করা যায় এক মাস সময়ের মধ্যে পরিচয়গুলো আমরা শনাক্ত করতে পারব।
ডিএনএ পরীক্ষক আরো বলেন, নমুনাগুলো অ্যানালাইসিস করতে একটু চ্যালেঞ্জিং হবে। মাস খানেক সময় লাগতে পারে। তবে লাশের দাবিদারদের নমুনা অ্যানালাইসিস করাটা সহজ ও খুব দ্রুত হবে। ডিএনএ প্রফাইলিং সম্পন্ন হলে পরবর্তীতে সংশ্লিষ্ট পুলিশ অথবা জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।
নিহতদের পরিচয় রূপগঞ্জ থানা ও জেলা প্রশাসকের মাধ্যমে জানা যাবে উল্লেখ করে তিনি বলেন, নিহতদের পরিচয় রূপগঞ্জ থানা ও জেলা প্রশাসকের মাধ্যমে জানতে পারবেন স্বজনরা। তারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। ওনাদের মাধ্যমে পরিবারগুলো তথ্য পেতে পারে।
মোহাম্মদ মাসুদ রাব্বী আরো বলেন, আমরা রেফারেন্স নমুনা সংগ্রহ করছি। মৃত ব্যক্তির দাবিদাররা এসেছেন। তাদের কাছ থেকে রক্ত নিচ্ছি। ডেডবডির দাঁত ও হাড় সংগ্রহ করা হয়েছে। এই ধরনের নমুনাগুলো আমরা পরীক্ষা-নিরীক্ষা করব।
অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল দুর্বল, প্রতি ফ্লোরে দাহ্য বস্তু
এদিকে, সজীব গ্রুপের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় প্রতিটি ফ্লোরে একই ধরনের দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, এ ঘটনার মূল কারণ হলো- বস্তুগুলো ছিল দাহ্যবস্তু। একই ধরনের দাহ্যবস্তু প্রতিটি ফ্লোরেই ছিল। তাই এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে আগুন যেতে সময় লাগেনি। এছাড়া বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ করা না হলে এই সমস্যাগুলো হয়।
তিনি আরো বলেন, ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা অবশ্যই দুর্বল ছিল। এজন্য এক তলা থেকে ছয় তলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এটি অনেক বড় ভবন, ভবনের পার্টিশন ছিল মূলত নেট দিয়ে আটকানো। তাদের যে মালামাল বা কর্মক্ষেত্র—এগুলোতে যে পার্টিশন দেওয়া ছিল, তা বড় বড় তার দিয়ে। আগুন ছড়ানোর একাধিক কারণ থাকতে পারে- তবে আমরা মনে করছি এগুলো অন্যতম কারণ। যে ৪৯ জন সেখানে অবস্থান করছিল, তারা এক্সিটের দিকে হয়ত এসব কারণেই যেতে পারেনি। তদন্ত শেষে আমরা সেগুলো নিশ্চিতভাবে বলতে পারব।
Design and developed by ওয়েব হোম বিডি