সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবীদাওয়া নিয়ে দেশের বিভাগীয় শহরে চলছে বিএনপির সমাবেশ। চট্রগ্রাম, বরিশাল ও খুলনার পর আগামীকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত হবে বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশ। সকল প্রস্তুতি সম্পন্ন করলেও এখনো মহাসমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এরই মাঝে শুরু হয়েছে গ্রেপ্তার অভিযান। ফলে নেতাকর্মীদের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গত দশ দিন থেকে বিএনপির নেতা-কর্মীরা মহাসমাবেশ সফল করার জন্য চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। নেতাকর্মীরা প্রতিদিন পোস্টার, লিফলেট বিলি করছেন সাধারণ মানুষের মাঝে। নগরীর বিভিন্ন জায়াগায় লাগানো হয়েছে ব্যানার ও ফ্যাস্টুন।
কিন্তু রোববার (২২ সেপ্টেম্বর) থেকে সিলেট বিএনপির নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে গ্রেপ্তার আতঙ্ক। গোলাপগঞ্জ, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন জায়াগা থেকে প্রায় ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম বলেন, মহাসমাবেশকে বানচাল করার জন্য আমাদের ১৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিনা কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি বলেন, ষড়যন্ত্র করে সমাবেশ বন্ধ করা যাবেনা।
রোববার লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ছাত্রদল কর্মী জাকির আহমদ, তারেক ও রাশেদ আহমদকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
অপরদিকে, গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজার থেকে দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ নোমান উদ্দিন মুরাদ ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।
ওদিকে, রোববার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ছত্তিশ গ্রামের খয়রুল হকের পুত্র চঞ্চল হোসেন (৩৫), বাঘমারা গ্রামের মৃত মুজাম্মেল আলীর পুত্র বাহাউদ্দিন (৩০), ইসলামপুর গ্রামের মৃত লুতফুর রহমানের পুত্র মেহেদি হাসান রাফি (২৯) ও ছত্তিশ গ্রামের সমাই মিয়ার পুত্র শামিম আহমেদ (৪২)।
এ ব্যাপারে সিলেট জেলার সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান খান বলেন, সংশ্লিষ্ট থানার ওসিরাই বলতে পারবেন। এ বিষয়ে তিনি অবগত নয় বলে জানান।
Design and developed by ওয়েব হোম বিডি